তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৯ পিএম

অনলাইন সংস্করণ

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ

সংসদে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রল বোমা হামলার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এ ঘটনায় সরকারের কাছ থেকে কোনো জবাব প্রত্যাশা করেন না বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বের আগে বিষয়টি নিয়ে কথা বলতে চান নাহিদ ইসলাম। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নাহিদ বলেন, ‘না, মাননীয় স্পিকার! প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’

স্পিকার তাকে আধঘণ্টা অপেক্ষা করার কথা বললে নাহিদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, সেটা তো জানি আমরা। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’

পরে কথা বলার অনুমতি পেয়ে নাহিদ আবারও বলেন, ‘আমরা এই সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করি না।’ বক্তব্য দেওয়ার সুযোগ না পেলে সংসদে থাকবেন না বলেও জানান তিনি।

সংসদে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বুধবার রাতে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তার অভিযোগ, রাত আনুমানিক ১২টার দিকে বাড়িটি লক্ষ্য করে চারটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাড়িতে থাকা গবাদিপশুও আগুনে আক্রান্ত হয়ে মারা গেছে।

নাহিদ জানান, ঘটনার পর তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, ঘটনাস্থলে পেট্রল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

এ বিষয়ে নাহিদ বলেন, ‘আমি নিজে এসপির সঙ্গে কথা বলেছি। দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি। কোনো ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে বলে দেন, সেখানে পেট্রোল বোমা মারা হয়নি, তা আমার জানা নেই।’

দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে বলে তিনি মনে করেন। মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলামের ওপর হামলার প্রসঙ্গ তুলে নাহিদ অভিযোগ করেন, ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে পেট্রল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ককটেল বিস্ফোরণ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা না হলে একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে কীভাবে দেখা হবে।

নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সরকার তাদের নিরাপত্তা দিতে পারবে কি না, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পরিবার আক্রান্ত হলে ওনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামিতার অভিযোগ তুলে এ বিষয়ে স্পষ্ট জবাবও দাবি করেন নাহিদ।

তার বক্তব্যের পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা গুরুতর অপরাধ উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।

স্পিকার বলেন, ‘এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।’

 

মন্তব্য করুন