প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ০৬:২১ পিএম

অনলাইন সংস্করণ

নুসরাতের বাড়িতে পেট্রল বোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেছেন, পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন করেন, সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা হামলার অভিযোগ ওঠার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলা যায় কি না। একই সঙ্গে ঘটনাস্থলে ফরেনসিক দল না যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। বাড়িটি সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত। ঘরটি অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য ছিল। এর প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাতের বাবা-মা বসবাস করেন।

মন্ত্রী বলেন, টিনশেড ঘরটিতে কেউ বসবাস করতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে।

প্রশাসনের পদক্ষেপের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল। তিনি নিজেও কথা বলে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।

ঘটনাটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা—তা খতিয়ে দেখতে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত দলটি তদন্ত করছে। একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদে বিজিবির সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরে মন্ত্রী জানান, ঘটনাস্থলের আলামত পরীক্ষা এবং স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেখানে পেট্রল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি, বাড়ির দেয়ালেও এ ধরনের কোনো চিহ্ন মেলেনি। কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রল বোমা ব্যবহারের কথা জানাননি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘটনাস্থলের দেয়ালসহ বিভিন্ন স্থানের ছবি, অডিও ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এর বৈদ্যুতিক সংযোগ দুর্বল ছিল এবং শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনো অনুমাননির্ভর; চূড়ান্ত তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

মন্ত্রী জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় ১২ নভেম্বর ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অধিকতর তদন্তে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে।

 

মন্তব্য করুন