প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১০:১২ এ এম
অনলাইন সংস্করণ
অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শুটিং সেটে বিরোধ, মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে সংগঠনটির এ সিদ্ধান্ত। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীর কাছে পাঠানো চিঠিতেও সদস্যপদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়।
চিঠিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সালিশ বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
অভিনয়শিল্পী সংঘের দাবি, দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। সংগঠনের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনে গঠিত স্বাধীন সালিশ কমিটি তাদের দুজনকেই বৈঠকে ডাকে। সেখানে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া এবং ভিডিওবার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে তারা কেউই সিদ্ধান্ত দুটি বাস্তবায়ন করেননি বলে জানায় সংগঠনটি।
সংগঠনের বক্তব্য অনুযায়ী, দুই অভিনেত্রীকে পরপর দুটি চিঠি দেওয়া হলেও সেগুলোর সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। চিঠিগুলো ফেরত আসে। পরে ফোনেও যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সাড়া না পাওয়ায় দীর্ঘ বিরতির পর সালিশ কমিটি কার্যনির্বাহী পরিষদকে সদস্যপদ স্থগিতের সুপারিশ করে। পরে কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়।
সদস্যপদ স্থগিতের ঘোষণা প্রকাশের কিছুক্ষণ পরই ফেসবুক লাইভে এসে প্রতিক্রিয়া জানান তানজিন তিশা। সালিশ বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘বলা হয়েছিল— আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিওবার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।’
লাইভে তিশা আরও বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখেছি, শাড়ি–কাণ্ডও দেখেছি। আজ হোক কিংবা কাল— সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না। এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি। কারণ আমি জানি— আমি ভুল কিছু করিনি।’
পেশাগত বিরোধ মীমাংসার বদলে তা প্রকাশ্যে এনে কাউকে হেয় করা এবং ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিশা। সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচারের কারণে কাজ দিয়ে টিকে থাকতে চাওয়া শিল্পীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়ে বলেও জানান তিনি।
গত মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিংয়ে সামিয়া অথৈর সঙ্গে বিরোধের ঘটনা নিয়েও কথা বলেন তিশা। তার ভাষ্য, শুটিং সেটে কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। নাটকের দৃশ্যেও ঘটনার বিষয়টি বোঝা যাবে বলে দাবি করেন তিনি।
নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার পাগলের চরিত্র তো আমি করেছি। নাকি আরেকজন পাগলের চরিত্র করেছে— সেটাও আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। দৃশ্যটি দেখলেই বুঝবেন, কে আসলে ইম্প্রোভাইজ করেছে। কে আগে অ্যাটাক করেছে? কে অ্যাটাক করে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে; সেটি আপনারা বুঝতে পারবেন।’
সালিশ বৈঠকের বিষয়ে তিশা বলেন, সেখানে সম্মানিত ব্যক্তিরা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে দুই পক্ষের বক্তব্য শোনা হয় এবং পুরো ঘটনা নিয়ে আলোচনা করা হয়। ওই বৈঠকের লিখিত নোটিশও তার কাছে রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন