প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
দাম্পত্য টানাপোড়েন ও এক চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্কের অভিযোগ ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি তিনি। বরং বিভিন্ন ব্র্যান্ডের প্রচারমূলক কাজ, ফটোশুট ও অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সাবিলার সঙ্গে এক চিত্রগ্রাহকের প্রেমের সম্পর্কের অভিযোগ তোলেন তিশা নামের এক নারী। গণমাধ্যমে তিনি দাবি করেন, ‘সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে।’
তিশার ভাষ্য অনুযায়ী, ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর ১৫ মে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজনও সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক দিন আগে ওই চিত্রগ্রাহক হঠাৎ বিয়ে করতে চান না বলে জানান। অনেক বোঝানোর পরও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি বলে দাবি করেন তিশা।
এ বিষয়ে সাবিলা নূর, তাঁর স্বামী নেহাল সুনন্দ তাহের কিংবা অভিযুক্ত চিত্রগ্রাহকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশোও তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে সম্প্রতি রাজধানীর গুলশানে একটি প্রসাধনী ব্র্যান্ডের দূত হিসেবে চুক্তি সই করেছেন সাবিলা। এরপর বিভিন্ন ব্র্যান্ডের প্রচারমূলক কাজ ও অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে তাঁকে।
নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবিলা সাত বছরের প্রেমের পর ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন। সিনেমাতেও অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। বর্তমানে ‘কানাভোলা প্যারাডক্স’ সিনেমায় ‘উপমা’ চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে দর্শকেরা তা দেখবেন ও উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেছেন অভিনেত্রী।
মন্তব্য করুন