তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৫:৪২ পিএম

অনলাইন সংস্করণ

রংপুরে ঘরের ওপর ট্রাক উল্টে শিশুর মৃত্যু, আহত অন্তঃসত্ত্বা মা

রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক সড়কের পাশের বসতঘরের ওপর উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে তাসলিমা আক্তার (১১) নামের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা মা আশা বেগম (২৬)।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর চারটার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহত আশা বেগম স্থানীয় পিন্টু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরের সাতমাথা এলাকা থেকে বালুবোঝাই ট্রাকটি নগরীর ভেতরে দ্রুতগতিতে প্রবেশ করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি টিনের চালার একটি ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমিয়ে থাকা শিশু তাসলিমা ও তার মা চাপা পড়েন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় আশা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ট্রাকচালক মেহেদী হাসান (৩১) ও তাঁর সহকারী শ্রাবণ ইসলামকে (১৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। মেহেদীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার মোসলিমপুর গ্রামে। শ্রাবণ রংপুর নগরের হাজিরহাট থানার রাধাকৃষ্ণপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে।

প্রতিবেশী মোখলেছুর রহমান বলেন, ‘ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে বাইরে বের হয়ে দেখতে পাই একটি ট্রাক কাঁচা ঘরের ওপরে উল্টে পড়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এর পরেই আসে ফায়ার সার্ভিসের সদস্যারা। ট্রাকের নিচে চাপা পড়া শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় শিশুর মাকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম প্রথম আলোকে বলেন, ট্রাকচালক ও চালকের সহযোগী পুলিশের হেফাজতে রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

মন্তব্য করুন