বদরুদ্দীন তানভীর

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৫:১৭ পিএম

অনলাইন সংস্করণ

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার (১৩ নভেম্বর) ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে নিজের ফোন হাতে তুলে ধরে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব প্রমাণ এই ফোনেই রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে মোদির সঙ্গে সরাসরি প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জও পুনর্ব্যক্ত করেন তিনি। 


শুক্রবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ শীর্ষক এক প্রশ্নোত্তর পর্বে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রাহুল গান্ধী। এ সময় ফোন হাতে তুলে তিনি বলেন, ‘প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।’

তবে ওই প্রশ্নোত্তর পর্বে ফোনে আড়িপাতার অভিযোগের পক্ষে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি রাহুল গান্ধী। 

এর আগেও নিজের ও আরও কয়েকজন রাজনীতিকের ফোনে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালানোর অভিযোগ করেছিলেন রাহুল। ২০২৩ সালে তিনি বলেছিলেন, ‘আমার ফোনেও পেগাসাস ছিল। অনেক রাজনীতিকের ফোনেই পেগাসাস রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা আমাকে ফোন করে বলেছেন, ফোনে কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকতে। কারণ, আমরা এসব রেকর্ড করছি।’

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

শুক্রবারের বক্তব্যে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্ত সরাসরি বিতর্ক হলেই কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে এবং কে দেশবিরোধী, সেই প্রশ্নের চূড়ান্ত মীমাংসা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

গত ১২ দিনে এ নিয়ে সপ্তমবারের মতো প্রকাশ্যে মোদিকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল গান্ধী। নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনার দাবি জানিয়ে আসছেন তিনি। 

তবে বিজেপি নেতারা বারবার রাহুলের এ চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছেন। তাঁদের অভিযোগ, সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থবহ বিতর্ক এড়িয়ে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা।

এর আগে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রশ্ন তুলেছিলেন, আলোচনার জন্য সংসদ থাকা সত্ত্বেও কেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে বিতর্কের স্থান নির্ধারণ করতে বলছেন। 

তথ্যসূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন