প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ রাখা হলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। অর্থাৎ কাজ না থাকলে মজুরিও মিলবে না।
আজ শনিবার ঢাকার উত্তরায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।
সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখতে পারবে।
মাহমুদ হাসান খান জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে গতকাল শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।
শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকেও তাঁদের বিরত থাকতে হবে।
মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে মালিকদের উদ্দেশে শ্রমিকনেতারা বলেন, বর্তমানে দু–একটি জায়গায় আন্দোলন চলছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে।
মন্তব্য করুন