প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরীর সরঞ্জাম ও ৫০ হাজার টাকা মূল্যের নকল প্রসাধনীসহ একজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি মো: মুনসুর আমিন (৪৫) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়ার মো: রুহুল আমিনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৩শে মার্চ ২০২৪ বিকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় চোরাচালান ও নকল প্রসাধনী বিরোধী অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় একটি বাড়িতে এক ব্যক্তি নকল প্রসাধনী তৈরি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকাল সোয়া ৩ টায় রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: মুনসুর আমিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় সেখান থেকে ৫০ হাজার টাকা মূল্যের নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার বা মোড়ক ও নকল প্রসাধনী তৈরির সামগ্রী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকে। এরপর সেগুলো দিয়ে নকল প্রসাধনী তৈরি করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন