প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মহাসচিব দুই পক্ষকে এই কূটনৈতিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন, যাতে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়া যায় এবং উত্তেজনা কমানো সম্ভব হয়।
তিনি আরও বলেন, সংঘাত এড়াতে এবং আবার যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সংলাপই একমাত্র কার্যকর পথ। মহাসচিবের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই এবং তা অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী হতে হবে।
এছাড়া জানানো হয়েছে, মহাসচিবের ব্যক্তিগত দূতও বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন, যাতে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করা যায়।
বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা চলছে। এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন