তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

বাজারে আসছে শীতের আগাম সবজি, স্বস্তি ফিরছে দামে

রাজধানীর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এর প্রভাবে ফুলকপি, বাঁধাকপি, মুলা, কাঁচা মরিচ ও নতুন আলুসহ কয়েকটি সবজির দাম কমেছে। তবে নতুন মৌসুমের টমেটো ও আলুর দাম এখনো তুলনামূলক বেশি।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে সবজি কিনতে আসেন তাজুল ইসলাম। আব্বাস আকন্দের দোকান থেকে একটি মাঝারি আকারের ফুলকপি ৩৫ টাকা এবং আধা কেজি শিম ৩০ টাকায় কেনেন তিনি। আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক নিলে তাঁর মোট খরচ হতো ১০০ টাকা।

ওই দোকানে নতুন দেশি টমেটো ও আলুও উঠেছে। তবে দাম বেশি হওয়ায় সেগুলো কেনেননি তাজুল। তিনি বলেন, ‘নতুন টমেটোর কেজি ১৪০ টাকা। আর নতুন আলুর কেজি ১২০ টাকা। এগুলো কিনলে অন্য বাজার আর করা যাবে না। কিছুদিন পর দাম কমলে তখন কিনব।’

মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারের কয়েকটি সবজির দোকান ঘুরে দেখা যায়, শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলাসহ শীতের আগাম সবজির সরবরাহ বাড়ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ার কারণে কিছু সবজির দাম কমতে শুরু করেছে। তবে মৌসুমের শুরুতে আসা নতুন সবজির দাম এখনো কিছুটা বেশি।

বাজার ঘুরে দেখা যায়, বড় আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের এসব সবজির দাম ৩০ থেকে ৩৫ টাকা। প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারভেদে দামের কিছু পার্থক্যও রয়েছে। আজ কৃষি মার্কেটে মাঝারি আকারের ফুলকপি প্রতিটি ৩৫ টাকায় বিক্রি হলেও টাউন হল বাজারে একই আকারের ফুলকপির দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা।

কৃষি মার্কেটের বিক্রেতা আব্বাস আকন্দ বলেন, ‘আমার এখানে ছোট আকারের ফুলকপির চাহিদা বেশি। বড় ফুলকপি কম এনেছিলাম। সব কটি বিক্রি হয়ে গেছে।’

যেসব সবজির দাম কমেছে

দুই বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম আগের তুলনায় কমেছে। বড় ফুলকপির দাম ১০ থেকে ১৫ টাকা কমে বর্তমানে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন আলুর সরবরাহও শুরু হয়েছে। সপ্তাহ দেড়েক আগে নতুন আলুর কেজি ১৫০ থেকে ১৬০ টাকা থাকলেও এখন ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে আগের আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকায়।

কাঁচা মরিচের দামও কমেছে। আগে প্রতি কেজি ১২০ টাকা থাকলেও এখন তা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মুলার দাম কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকা থেকে কমে ৪০ থেকে ৫০ টাকায় নেমেছে।

নতুন মৌসুমের দেশি টমেটো বাজারে উঠতে শুরু করেছে। প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে প্রতি কেজি ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বিভিন্ন ধরনের শাকের মধ্যে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।

 

মন্তব্য করুন