নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১০:৪৫ এ এম

অনলাইন সংস্করণ

বাঁশখালীতে একই ঘর থেকে বাবা ও যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর একটি বসতঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়ার বদি আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। তাঁর দুই কন্যাশিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। এ ঘটনায় জাহেদের স্ত্রী আফিয়া বেগম, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পারিবারিক অনুষ্ঠান নিয়ে জাহেদ ও তাঁর স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। পরে জুমার নামাজের পর আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে যান। এ সময় যমজ দুই শিশুসহ জাহেদ তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। বিকেল চারটার দিকে ঘরের ভেতর তাঁদের মরদেহ পাওয়া যায়।

জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে জাহেদ নিষেধ করেন। তাই শিশুদের রেখে তিনি চলে যান। বিকেলে বাড়ি ফিরে ঘরের সব দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে জাহেদ তাঁর দুই কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারেন।

ওসি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যেতে পারে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য করুন