তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:৪৫ এ এম

অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড। শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি এ তথ্য জানায়। তবে ঘূর্ণিঝড়ে রূপ নিলেও এটি বাংলাদেশে সরাসরি আঘাত হানার ঝুঁকি নেই বলে জানিয়েছে সংস্থাটি।

বার্তায় বলা হয়, দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে শনিবার সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আগামী তিন থেকে চার দিনে ধাপে ধাপে শক্তি বাড়াতে পারে। প্রথম ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপ, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা ও ঝোড়ো হাওয়াসহ তা ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ কারণে ওই এলাকায় সাগর ধীরে ধীরে কিছুটা উত্তাল হয়ে উঠছে।

নৌযান চলাচলে সতর্ক থাকার পরামর্শ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বর্তমানে কোনো সমুদ্রবন্দরে সতর্কসংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তবে শিগগিরই সতর্কসংকেত আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আপাতত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এরপর শক্তি বাড়িয়ে প্রধানত পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে এটি সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে।

সংস্থাটি জানিয়েছে, সিস্টেমটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও এর চূড়ান্ত শক্তি কতটা হবে, তা এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। সম্ভাব্য গতিপথ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ২৮ অক্টোবরের আশপাশে উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা তৎসংলগ্ন দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর দূরবর্তী প্রভাবে বাংলাদেশেও ২৭ বা ২৮ অক্টোবর থেকে বৃষ্টিবলয় তৈরি হতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পূর্বাভাস অনুযায়ী, ২৭ বা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হলেও তা তুলনামূলক কম হতে পারে।

 

মন্তব্য করুন