তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:৪৭ এ এম

অনলাইন সংস্করণ

কাভার্ড ভ্যানকে ওভারটেকের চেষ্টা, এরপরই খাদে বাস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে দর্শনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আহত ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্য পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধার করা তিনজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান মুহাম্মদ সফিকুল ইসলাম।

 

মন্তব্য করুন