প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশে আগামীকাল (৯ মার্চ) থেকে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে এই কার্যক্রম পরিচালনা করা হবে রাজধানীর কড়াইল এলাকায়। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের হাতে কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিনই সুবিধাভোগীদের মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা।
অর্থ মন্ত্রণালয় সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত জানাবে। উদ্বোধন উপলক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে উপস্থিত থাকবেন, আর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে থাকবেন।
পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি ওয়ার্ড-১৪ এবং বাগানবাড়ি বস্তি এলাকায়। এছাড়া দেশের বিভিন্ন জেলার অন্তর্গত নির্দিষ্ট ওয়ার্ডগুলোতেও এই কার্যক্রম পরিচালিত হবে। এসব জেলার মধ্যে রয়েছে রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জ।
নির্বাচনের আগে প্রদত্ত নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪ উপজেলার একটি করে ওয়ার্ডে কার্ড বিতরণ করা হবে। প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা এই কার্যক্রম তদারকি করবে।
মন্তব্য করুন