আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৩:৪২ পিএম

অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয় এখনো প্রকাশ করা হয়নি।

পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

শনিবার ভোররাতে ইসলামাবাদে পৌঁছানোর পর প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেন। আজ শনিবার ১১ এপ্রিল সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মূল আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের প্রধান আলোচক গালিবাফ আগেই জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের আটকে পড়া সম্পদ ছাড়িয়ে না দেওয়া পর্যন্ত আলোচনা শুরু হবে না। তিনি বলেছেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থা নেই।”

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন