প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই দুবাইয়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা কথা বলেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্টে নিজের আতঙ্ক, দুশ্চিন্তা ও নির্ঘুম রাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী।
রোববার নার্গিস দুবাইয়ের একটি দৃশ্য শেয়ার করে লেখেন,
“এখানে গত দুই দিন একেবারে পাগালপ্রায় সময় কেটেছে।”
অন্য একটি পোস্টে তিনি স্থানীয় প্রশাসনের প্রচেষ্টার প্রশংসা করে জানান,
“ওরা দারুণ কাজ করছে।”
নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের তৎপরতাকে কৃতজ্ঞতা জানান তিনি।
তবে পরিস্থিতির মানসিক প্রভাব লুকাননি নার্গিস। রাতের আকাশের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন,
“কী হবে পরের মুহূর্তে—তা না জানার এই অনুভূতি, উদ্বেগ আর ভয়ের ছায়া কাটছে না। ঘুমই আসছে না। মস্তিষ্ক যেন সব সময় সতর্ক অবস্থায় আছে। এত রাত হয়ে গেছে, তবু আমি পুরো জেগে। দুই দিন যেন দুঃস্বপ্নের মতো কেটেছে।”
বর্তমানে দুবাইয়ে অবস্থানরত এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছেন এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছেন। তবে তাঁর কথায় স্পষ্ট—যুদ্ধের আশঙ্কা আর অনিশ্চয়তার সময়টা মানসিকভাবে খুবই কঠিন।
নার্গিস ফাখরি গত বছর ক্যালিফোর্নিয়ায় টনি বেইগকে বিয়ে করেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে কমেডি ছবি ‘হাউসফুল ৫’–এ, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখ।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ ও শহরগুলোতে উত্তেজনা চরমে। দুবাই, দোহা, আবুধাবিসহ গালফ অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অনেক দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে।
এই পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থানরত সেলিব্রিটি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নার্গিস ফাখরির মতো অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি শেয়ার করছেন।
পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তপ্ত। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চাপ বাড়াচ্ছে।
মন্তব্য করুন