তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, মিরপুর থেকে গ্রেফতার দিশা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেফতার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গণমাধ্যমে নাম প্রকাশের পর থেকে আত্মগোপনে ছিলেন দিশা। তাহসিফের মরদেহ উদ্ধারের আগে তিনি তাঁর বাসার ঠিক উল্টো পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় ছোটাছুটি করেন তিনি।

শনিবার রাতে খালার বাসায় এসে একজনকে নিজের নিরাপদে থাকার কথা জানান দিশা। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে রাতে তাঁকে গ্রেফতার করে।

এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি রেস্তোরাঁ ও বারে পৌঁছান তাহসিফ, দীপ ও দিশা। তাঁরা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে সেখানে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা যায়।

রেস্তোরাঁর আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও দিশা লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাঁদের রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তাঁরা।

রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর তাঁরা কোথায় গিয়েছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তাঁর বক্তব্যে অসংগতি পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

 

মন্তব্য করুন