তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৩০ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু, সন্দেহজনক রোগী শনাক্ত ১ হাজার ৩৫৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৩ শিশুর শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৫৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। একই সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫৬৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৪, সিলেটে ১২৬, বরিশালে ১২৯, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৫১ এবং রাজশাহীতে ৪১ শিশু শনাক্ত হয়েছে।

 

মন্তব্য করুন