প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
প্রথমবার মা হওয়ার পরের কঠিন সময় কাটিয়ে উঠতে বলিউডের কয়েকজন অভিনেত্রীর কাছ থেকে মানসিক সমর্থন পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী কিয়ারা আদভানি। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার সঙ্গে মাতৃত্বকালীন অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছিলেন তিনি। সম্প্রতি স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে সঙ্গে নিয়ে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে এসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী।
কিয়ারা জানান, প্রথমবার মা হওয়ার পরের সময়টি তার জন্য বেশ কঠিন ছিল। শারীরিক অস্বস্তি ও হরমোনের পরিবর্তনের কারণে প্রথম তিন মাস তিনি একাকিত্বে ভুগেছিলেন। সন্তান জন্মের পর একজন নারীর জীবনে একসঙ্গে অনেক পরিবর্তন আসে, যা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, “সন্তান প্রসবের পর নতুন মায়েদের জীবনে হুট করে এত পরিবর্তন আসে, সবটা মুখে বলে বোঝানো যায় না। এ সময় একজন মা-ই অন্য মাকে বুঝতে পারে।”
কিয়ারা আরও জানান, শুরুতে তারা বিষয়টি কাউকে না জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে একপর্যায়ে তার মনে হয়, নিজের মা ও শাশুড়ির সঙ্গে এ বিষয়ে কথা বলা প্রয়োজন। কারণ, ওই সময়ে তার এমন কিছু মানুষের প্রয়োজন ছিল, যারা তার অনুভূতি বুঝতে পারবেন।
অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর জানান, প্রসবোত্তর সময়ে কিয়ারা নিয়মিত আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার সঙ্গে যোগাযোগ রাখতেন। এ প্রসঙ্গে কিয়ারা বলেন, “আমরা একে অপরের খোঁজখবর নিতাম। যেহেতু আমরা একই পেশায় আছি, তাই আমাদের চ্যালেঞ্জগুলোও এক।”
মা হওয়ার পর কাজে ফেরার বিষয়েও আলিয়ার সঙ্গে কথা বলেছিলেন কিয়ারা। তিনি বলেন, “আমার মনে আছে— আমি আলিয়াকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম মা হওয়ার পর কীভাবে আবার শুটিংয়ে ফেরা যায়, কীভাবে কাজ আর সংসার একসঙ্গে সামলানো সম্ভব?”
কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি ‘মম-গিল্ট’ বা মা হিসেবে দায়িত্ব পালনে কোনো ঘাটতি হচ্ছে কি না, এমন অপরাধবোধ নিয়েও তাদের মধ্যে আলোচনা হতো বলে জানান অভিনেত্রী।
উল্লেখ্য, আলিয়া ভাট ২০২২ সালে প্রথম সন্তানের মা হন। ক্যাটরিনা কাইফ ২০২৫ সালে পুত্রসন্তান বিহানের জন্ম দেন। একই বছরের নভেম্বরে রাজকুমার রাও ও পত্রলেখার ঘরে আসে কন্যাসন্তান। মাতৃত্বের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়া সমসাময়িক এই অভিনেত্রীদের পারস্পরিক সমর্থন কিয়ারাকে কঠিন সময়ে মানসিক শক্তি জুগিয়েছিল।
মন্তব্য করুন