প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ
জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি প্রদান এবং সাব-রেজিস্ট্রার অফিসে নতুন জনবল নিয়োগসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ২০২৬-এ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে এসব দাবি তুলে ধরেন মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।
এ ছাড়া আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংগঠনের ছয় দফা দাবির মধ্যে প্রথমেই রয়েছে দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি। মহাসচিবের বক্তব্য অনুযায়ী, বর্তমান কাঠামোয় একজন সাব-রেজিস্ট্রারের জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি পেতে ২০ থেকে ২৫ বছর পর্যন্ত সময় লাগে।
দ্বিতীয় দাবিতে বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রারদের স্থায়ী পদ সৃষ্টির কথা বলা হয়েছে। এতে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে এবং প্রতারণার ঘটনা কমবে বলে মনে করে সংগঠনটি।
তৃতীয় দাবিতে জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনের যুক্তি, অন্যান্য দপ্তরে উপজেলা ও জেলা পর্যায়ের প্রধানরা এ সুবিধা পেলেও জেলা রেজিস্ট্রাররা তা পান না।
চতুর্থ দাবিতে নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সভায় জানানো হয়, ইতিমধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দও পাওয়া গেছে।
পঞ্চম দাবিতে প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসে দশম গ্রেডের একজন কর্মকর্তা এবং একজন নির্দিষ্ট কম্পিউটার অপারেটর নিয়োগের প্রস্তাব রয়েছে।
ষষ্ঠ দাবিতে দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের স্বার্থসংশ্লিষ্ট তিনটি বিষয় তুলে ধরা হয়েছে। দলিল লেখকদের পারিশ্রমিক দলিলপ্রতি পাঁচ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। তাদের মতে, বর্তমান পারিশ্রমিক অনেক আগে নির্ধারণ করা হয়েছিল, যা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ ছাড়া সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করার দাবি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য অনুযায়ী, তাঁদের কেউই স্থায়ীভাবে নিয়োগ পাননি। পাশাপাশি প্রতিটি অফিসে দৈনিক ৬০ টাকা পারিশ্রমিকে কাজ করা উমেদারদের পারিশ্রমিকও সময়োপযোগী করার দাবি তোলা হয়েছে।
ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদিত হওয়ায় দলিল লেখকদের মধ্যে পেশা হারানোর শঙ্কা তৈরি হয়েছে বলেও সভায় জানানো হয়। এ পরিস্থিতিতে দলিল লেখকদের পেশা বহাল থাকবে—আইনমন্ত্রীর কাছ থেকে এমন ঘোষণা চেয়েছে সংগঠনটি।
ছয় দফা দাবির পাশাপাশি লিখিত বক্তব্যে নিবন্ধন বিভাগের পাঁচটি অগ্রগতির কথাও তুলে ধরেন মহাসচিব। এর মধ্যে রয়েছে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন, নিয়োগ বিধিমালা প্রকাশ, নতুন সাব-রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ, ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প অনুমোদন এবং ‘বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার’ সৃজনের প্রস্তাব।
বক্তব্যে বলা হয়, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে নতুন ১২২এ ও ১২২বি ধারা যুক্ত হয়েছে। এর ফলে জীবনকালীন ভোগাধিকার নিজের কাছে রেখে সম্পত্তি দানের আইনি স্বীকৃতি পাওয়া গেছে।
এ ছাড়া ২০২৫ সালের ১৯ অক্টোবরের প্রজ্ঞাপনে ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সংগঠনের দাবি অনুযায়ী, এ বিধিমালার আওতায় নবম গ্রেডে যোগ দেওয়া সাব-রেজিস্ট্রাররা পদোন্নতির মাধ্যমে দ্বিতীয় গ্রেডে মহাপরিদর্শক পদে যেতে পারবেন। বিধিমালা অনুযায়ী পদোন্নতি ও পদায়নও সম্পন্ন হয়েছে।
মাঠপর্যায়ে সাব-রেজিস্ট্রারের প্রায় ১২১টি পদ শূন্য রয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। এর মধ্যে ৮৪টি পদ দ্রুত পূরণের জন্য ২০২৬ সালের ১৯ অক্টোবর সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে উন্মুক্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়।
ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্পের বিষয়ে বলা হয়, ২০২৫ সালের ২৫ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬৩২ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে দলিল নিবন্ধনে জালিয়াতি কমার পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে, ‘বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার’ সৃজনের প্রস্তাবও জমা দেওয়া হয়েছে। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত কর্মকর্তাদের এই ক্যাডারে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রেজিস্ট্রেশন বিভাগের রাজস্ব আয় হয়েছে ১৮ হাজার ৬২৫ কোটি টাকা। লিখিত বক্তব্যে বলা হয়, রাজস্ব আয় ধারাবাহিকভাবে বাড়লেও দীর্ঘদিন ধরে এ বিভাগে আধুনিকায়নের যথাযথ উদ্যোগ দেখা যায়নি।
মন্তব্য করুন