তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৫:১৫ পিএম

অনলাইন সংস্করণ

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা এখনো যাচাই করতে পারেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় নয়, প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রাথমিকভাবে এ মুহূর্তে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, তাকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।”

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি টেলিভিশনের সংবাদে বিষয়টি শুনেছেন। তবে আবেদনের সত্যতা এখনো যাচাই করতে পারেননি। আবেদনটির আইনগত ভিত্তি, যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। বিষয়টি পর্যালোচনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় থেকে বক্তব্য দেওয়া হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা—এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির হাতে আসা একটি চিঠি অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তার আইনজীবীরা এ-সংক্রান্ত আবেদন পাঠান।

শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

মন্তব্য করুন