তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০২:১১ পিএম

অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বাস উলটে নিহত ৩, আহত অন্তত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উলটে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

আহতদের মধ্যে বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমও রয়েছেন। মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে তাদের সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা সত্ত্বেও তিনি গতি কমাননি। একপর্যায়ে ঘটনাস্থলে বাসটি উলটে পড়ে।

সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অন্তত ১৫ জনও হাসপাতালে এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন