প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১০:১৩ এ এম
অনলাইন সংস্করণ
যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে সবসময় অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ঢালিউড অভিনেত্রী পরীমনির ‘ব্যাডটাচ’-এর অভিযোগের প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন প্রভা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। পরে এক ভিডিওবার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও জানান প্রভা।
তবে তার বক্তব্যের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ সমালোচনা শুরু করেন। এর জবাবে শুক্রবার (৬ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, “আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।”
পরীমনির অভিযোগের প্রসঙ্গ টেনে প্রভা লেখেন, “সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। সেই পরিস্থিতিতে তাকে যা সহ্য করতে হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে সহমর্মিতা অনুভব করি।”
তিনি বলেন, একজন নারীর সব কাজের সঙ্গে একমত না হলেও তার প্রতি অসম্মান বা হয়রানি করার অধিকার কারও নেই। কোনো নারীর আচরণ অপছন্দ হতে পারে, কিন্তু সে কারণে তাকে অনিরাপদ বোধ করানোর সুযোগ নেই।
প্রভার ভাষ্য, কোনো নারীর পাশে দাঁড়ানো মানে তার সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়। বরং অসম্মান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়াই এর উদ্দেশ্য। একজন নারীর পছন্দ ও চরিত্রের বিচার তার নিজের এবং সর্বশক্তিমানের মধ্যে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা নিয়ে যারা তাকে কটাক্ষ করছেন, তাদেরও জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, এমন একটি ঘটনার জন্য তাকে লজ্জিত করার চেষ্টা করা হচ্ছে, যে ঘটনার জন্য তিনি দায়ী নন। অন্যের অভিযোগ বা বিচার তার পরিচয় নির্ধারণ করতে পারে না।
প্রভা আরও জানান, একজন নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াকে তিনি নীরব থাকার চেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করেন। যারা নারীর মর্যাদা নির্ধারণের অধিকার নিজেদের হাতে রাখতে চান, তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনি নিজের অবস্থান পরিবর্তন করতে চান না।
মন্তব্য করুন