মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১০:০২ এ এম

অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল, ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্রও

ইসরাইলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে গত ছয় দশক ধরে আনুষ্ঠানিক নীরবতা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দিমোনা পারমাণবিক কেন্দ্র এবং পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে এই গোপনীয়তার সূত্রপাত। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ঠেকানো এবং কূটনৈতিক জটিলতা এড়াতেই দুই দেশ এ বিষয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি গ্রহণ করে।

১৯৬০ সালের শুরুর দিকে একটি ইসরাইলি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন কয়েকজন মার্কিন কূটনীতিক। এ সময় তাদের একজন ডেড সি’র প্রায় ২০ মাইল পশ্চিমে নেগেভ মরুভূমির একটি স্থানে নির্মাণকাজ দেখতে পান। স্থাপনাটি সম্পর্কে জানতে চাইলে ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিডকে জানান, এটি একটি ‘টেক্সটাইল কারখানা’।

তবে পরে জানা যায়, নির্মাণাধীন স্থাপনাটি ছিল দিমোনা পারমাণবিক কেন্দ্র। এটি মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রাগার হিসেবে পরিচিত।

এর পাঁচ বছর পর মার্কিন পরমাণু কর্মকর্তারা জানতে পারেন, পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে অস্ত্র তৈরির উপযোগী শত শত পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হয়েছে। মার্কিন গোয়েন্দাদের একটি অংশ এবং সাম্প্রতিক একটি তথ্যচিত্রের দাবি, ইসরাইলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য ওই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল।

ইসরাইলের পারমাণবিক অস্ত্রের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার করা হয়নি। ইসরাইলি-আমেরিকান ইতিহাসবিদ আভনার কোহেনের ভাষায়, সময়ের সঙ্গে বিষয়টি বিশ্বের ‘সবচেয়ে কম গোপনীয় বিষয়’-এ পরিণত হয়েছে। পারমাণবিক অস্ত্রের বিষয়ে নানা ইঙ্গিত থাকলেও ইসরাইল কখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।

এই অস্পষ্টতা বজায় রাখার নীতি যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলোর পারমাণবিক অস্ত্র অর্জনের বিরুদ্ধে অবস্থান নিতে সহায়তা করেছে। একই সঙ্গে ইসরাইল কীভাবে পারমাণবিক অস্ত্র অর্জন করেছে, সে প্রশ্নের মুখোমুখি হওয়া থেকেও দেশটিকে দূরে রেখেছে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদ ম্যাথিউ ক্রোয়েনিগ সিএনএনকে বলেন, ‘ইসরাইল যদি প্রকাশ্যে ঘোষণা করে যে তারা পারমাণবিক শক্তিধর দেশ, তবে তা এ অঞ্চলের অন্য দেশগুলোর ওপর চাপ বৃদ্ধি করবে এবং তারাও একই পথে হাঁটাতে চাইবে। মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নীতির জন্য ভালো কিছু নয়।’

বিশেষজ্ঞদের মতে, স্নায়ুযুদ্ধের সময় থেকেই এই গোপনীয়তার নীতির সূচনা। যুক্তরাষ্ট্র ও ইসরাইল আশঙ্কা করেছিল, পারমাণবিক কর্মসূচির কথা প্রকাশ্যে স্বীকার করলে সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিতে পারে। অন্যদিকে, নিজেদের পারমাণবিক অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করলে কূটনৈতিক চাপের মুখে পড়ার আশঙ্কা ছিল ইসরাইলের।

পেনসিলভানিয়ার ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার ঘটনা ধরা পড়ার বছরই তেল আবিব সফর করেন হেনরি কিসিঞ্জার। সেখানে ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবহিত করেন তিনি।

ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে সংরক্ষিত ওই আলোচনার সারসংক্ষেপ–সংবলিত একটি স্মারকলিপি অনুযায়ী, কিসিঞ্জারের ‘দৃঢ় বিশ্বাস ছিল, ইসরাইল এরই মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে’, যে কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি।

১৯৬৯ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে একটি স্মারকলিপি পাঠান কিসিঞ্জার। এর সঙ্গে যুক্ত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন, ইসরাইলের পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে ‘কেউ ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে—এমন আশঙ্কা অনেক বেড়ে যাবে’। এ পরিস্থিতিতে নিক্সন ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিলেন।

তবে কিসিঞ্জার বুঝতে পেরেছিলেন, এমন হুমকি দিয়েও ইসরাইলের পারমাণবিক কর্মসূচি থামানো সম্ভবত যুক্তরাষ্ট্রের পক্ষে আর সম্ভব হবে না। কারণ, কর্মসূচির বিষয়টি গোপন রেখে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করলে মার্কিন কংগ্রেস ক্ষুব্ধ হতে পারত এবং দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট তৈরি হতে পারত।

অন্যদিকে, কূটনৈতিক চাপ তৈরির জন্য ইসরাইলের পারমাণবিক কর্মসূচির কথা প্রকাশ্যে আনলে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলতে পারত। এ দুই ধরনের ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি গ্রহণ করে। ইসরাইলও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়।

কিসিঞ্জার তার স্মারকলিপিতে লেখেন, ‘আমরা আসলে যা চাই, তা হলো ইসরাইলের পারমাণবিক অস্ত্রের মালিকানা থাকার বিষয় যেন অন্তত আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়।’

১৯৮৬ সালে ইসরাইলের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ওই বছর দিমোনা স্থাপনার সাবেক চুল্লি-প্রযুক্তিবিদ মরদখাই ভানুনু দেশটির পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করেন। পাশাপাশি গোপনে গড়ে তোলা ওই স্থাপনার কয়েকটি ছবিও যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমসের কাছে তুলে দেন।

তথ্যসূত্র: সিএনএন

মন্তব্য করুন