প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জানান। দলের রাজনৈতিক অবস্থান ও প্রাথমিক মূল্যবোধ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, “কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম, জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত কোনও ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।”
গত শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপি ঘোষিত নতুন কমিটিতে তাঁকে শুধু যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। এতে তাঁর পদাবনতি হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। এ বিষয়ে এর আগে দীর্ঘ একটি পোস্টও দিয়েছিলেন সামান্তা।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, গত ১১ মাস ধরে দলের অতীত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে নিজের রাজনৈতিক অবস্থান অনুযায়ী বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। দলের ভেতরে আলোচনা, বিতর্ক ও মতাদর্শিক সংগ্রামের মাধ্যমে দলকে ভুল পথ থেকে ফেরানোর চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
সামান্তার ভাষ্য, দলের গৃহীত নীতিগুলোকে স্বীকৃত ফোরামে যুক্তিসংগতভাবে চ্যালেঞ্জ করা ছাড়া গণতান্ত্রিকভাবে দলকে সঠিক পথে ফেরানোর অন্য কোনো উপায় ছিল না। তবে প্রায় এক বছরের এই প্রচেষ্টার ইতি টানছেন তিনি, কারণ এনসিপি তার প্রাথমিক মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকতে পারবে বলে তিনি মনে করেন না।
পদত্যাগের সময় নিয়ে সামান্তা লেখেন, দলের কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় পদত্যাগ করলে বিষয়টি মূল্যায়ন করা সহজ হতো। তবে তাঁর মতে, সেই সময়ের অপেক্ষা অর্থহীন। জামায়াতের সঙ্গে জোট ত্যাগের মতো সিদ্ধান্ত নিলেও এনসিপি পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি গড়ে তুলতে পারবে না বলে মনে করেন তিনি।
তিনি আরও লেখেন, “দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনই রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না; বরং বাধা হয়ে দাঁড়াবে।” দলের ভেতরে এতদিনের মতপার্থক্য ও আলোচনা দলের সদস্য এবং দলীয় কাঠামোর বাইরের শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরার সময় এসেছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন