প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ
গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে শ্রমিকদের দাবির আড়ালে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, বিভিন্ন পোশাক কারখানায় গিয়ে যন্ত্রপাতি ভাঙচুর, শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা এবং গাড়ি পোড়ানোর ঘটনা ঘটানো হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত গার্মেন্টস শিল্প সরকার কোনো অবস্থায় ধ্বংস হতে দেবে না। এই শিল্পে লাখ লাখ ভাইবোন ও মায়েদের কর্মসংস্থান হয়েছে। তাই কোনো শ্রমজীবী মানুষ বা শ্রমিক শিল্পকারখানার ক্ষতি করতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।
শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এসব দাবি সম্পর্কে অবগত। দাবিগুলো বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে। ইনশাআল্লাহ, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে শ্রমিকেরা ভালো থাকতে পারেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মহল গত ১৫-১৬ বছরেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল বলে অভিযোগ করেন তিনি।
গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, “ওদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।”
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির নেতা জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন