প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ
ফেনী সদর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে যোগদান করেছেন।
আজ রোববার বিকেল ৩ টায় ফেনী সদর উপজেলার শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠে এক যোগদান অনুষ্ঠানে এসব নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
যোগদানকৃতরা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সাজু আহমেদ, শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক শর্শদি ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম, ফেনী সদর উপজেলা যুবলীগের সদস্য কামাল হোসেন সৌরভ, শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুমন, শর্শদি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাবিবুর রশিদ মিয়া, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী নেতা আ: রব শেখ, মৎস্যজীবি লীগ নেতা জাহিদুল ইসলাম, ওয়ার্ড মৎস্যজীবি লীগ নেতা বাবুল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান ও আওয়ামী নেতা আব্দুর রাজ্জাকসহ আওয়ামীলীগ,৫ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আফসার মিয়াজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-০২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি। এ সময় সাজু আহমেদ ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। উপস্থিত নেতাকর্মীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
সাজু আহমেদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় বিএনপির আদর্শ, কর্মসূচি ও গণতান্ত্রিক রাজনীতির প্রতি আস্থা রেখেই আমি সাজু আহমেদ এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করা এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতেই বিএনপির পতাকাতলে এসেছি। ভবিষ্যতে দলের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী বিএনপির আহ্বায়ক বাহার উদ্দিন, ফেনী জেলা মৎস্যজীবী দলের সভাপতি, জহির উদ্দিন চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুর রহিম ফিরোজ, শর্শদি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন সওদারসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন দলীয় নেতারা।
মন্তব্য করুন