প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:১১ এ এম
অনলাইন সংস্করণ
পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে অনুভূত এ কম্পনে দুই দেশের একাধিক এলাকা কেঁপে ওঠে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়। তবে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। সংস্থাটি প্রথমে কম্পনের মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করলেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করে।
ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের প্রায় ১১০ কিলোমিটার গভীরে। গভীরতা ও কম্পনের প্রভাবে দুই দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ কেঁপে ওঠার অনুভূতি পেলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
মন্তব্য করুন