তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু: অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

দেশজুড়ে আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এবার দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন। বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, অধিকাংশ বিভাগেই ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র এলাকার ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহনে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পরীক্ষা শুরুর দিন বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য ভীতিমুক্ত ও সহায়ক পরিবেশ নিশ্চিতে সরকারের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন