তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

জুন মাসেই আসছে ‘হেলথ কার্ড’, বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যখাতের সামগ্রিক আমূল পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এই আশার কথা জানান।

মন্ত্রী তাঁর বক্তব্যে নতুন বছরে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, কৃষকদের কল্যাণে আজ যেমন ‘কৃষক কার্ড’ উদ্বোধন করা হয়েছে, ঠিক তেমনি স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী জুন মাসের মধ্যে ‘হেলথ কার্ড’ কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি মনে করেন।

দেশের বর্তমান হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যে হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। তিনি দৃঢ়তার সাথে জানান যে, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে হামের গতিরোধ করা সম্ভব হয়েছে এবং মৃত্যুহারও আগের চেয়ে কমেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে হামের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের স্বার্থে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বিশেষ বরাদ্দ, টিআর-কাবিখা এবং খাল খননসহ বহুমুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে।

এর আগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে মন্ত্রী দিনব্যাপী লোকজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মন্তব্য করুন