তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৪:২৯ পিএম

অনলাইন সংস্করণ

নতুন বাংলা বছর কৃষক ও কৃষি অর্থনীতিকে উৎসর্গ করল সরকার

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে সরকার নতুন বাংলা বছর ১৪৩৩-কে দেশের কৃষক সমাজ ও কৃষি অর্থনীতিকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন তাঁর বার্তায় স্মরণ করিয়ে দেন যে, বাংলা নববর্ষের প্রচলনই হয়েছিল মূলত কৃষকদের ফসলের হিসাব রাখার সুবিধার্থে। তিনি বলেন, “বাংলা নববর্ষ একদিকে যেমন আমাদের সমৃদ্ধ সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, তেমনি এটি আমাদের কৃষি অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ।”

তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার কৃষিকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে। তিনি বলেন, “সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে।” কৃষকদের সম্মান ও তাঁদের শ্রমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি জানান।

উল্লেখ্য, একই দিনে প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনের প্রেক্ষাপটে তথ্যমন্ত্রীর এই ঘোষণা কৃষি খাতের উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্বারোপের বিষয়টিকেই স্পষ্ট করে তুলেছে। নববর্ষের সূচনালগ্নে কৃষকদের প্রতি এই উৎসর্গ দেশের কৃষি অর্থনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন