বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:২০ পিএম

অনলাইন সংস্করণ

অনন্ত আম্বানির জন্মদিনে বলিউড তারকাদের মেলা

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন উপলক্ষে গুজরাটের জামনগরে বসেছে বলিউড তারকাদের মেলা।

শুক্রবার ১০ এপ্রিল ছিল অনন্ত আম্বানির জন্মদিন। প্রাক-জন্মদিনের অনুষ্ঠান শুরু হয় দুদিন আগে থেকেই। জন্মদিনের আসর বসেছে জামনগরের বনতারায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, গৌরী খান, রণবীর সিং, জাহ্নবী কাপুর, সালমান খানসহ অনেক বলিউড তারকা। শাহরুখ খান ইনস্টাগ্রাম স্টোরিতে অনন্তকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “অনন্ত আম্বানিকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি যা যা ভালো কাজ কর, সেগুলো করতে থাকো। যা কিছু ইতিবাচক ও ঠিক, সেগুলো সমর্থন করতে থাকো। ভালো কাজ করতে থাকো। নিজের কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে থাকো। সুস্থ থাকো, সুখী থাকো এবং ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

এবারের জন্মদিনে বিশেষভাবে নজর কেড়েছে আধ্যাত্মিক পরিবেশ। অনন্ত আম্বানি একটি বইয়ের আদলে কেক কেটে জন্মদিন উদযাপন করেন, যা ভানতারা বিশ্ববিদ্যালয়ের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অনুষ্ঠানে আম্বানি পরিবারের সদস্য এবং অতিথিরা ভগবান কৃষ্ণের উদ্দেশে প্রার্থনা ও ভজন অনুষ্ঠানে অংশ নেন। নীতা আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট, মুকেশ আম্বানি, রণবীর সিং, শাহরুখ খানের পরিবারসহ অনেকেই ভক্তিরসে মগ্ন ছিলেন। শেষে জাহ্নবী কাপুরের সঙ্গে গরবা নাচে যোগ দেন রণবীর সিং।

এর আগে বৃহস্পতিবার অনন্ত আম্বানি জামনগরের আশপাশের গ্রামে এক লাখের বেশি গরুকে ছাপ্পান ভোগ নিবেদন করেন। গ্রামের নারীদের শাড়ি ও শিশুদের স্কুল কিট বিতরণ করা হয়। এছাড়া তিনি দেশের বেশ কয়েকটি প্রধান মন্দিরে কোটি কোটি টাকা দান করেন।

অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর। তিনি জিও প্ল্যাটফর্মস লিমিটেড ও রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডের পরিচালনা পর্ষদে যুক্ত আছেন। পশুপ্রেম থেকে তিনি ‘ভানতারা’ নামে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা গড়ে তুলেছেন। ২০২৪ সালের জুলাই মাসে তিনি রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

অনন্ত আম্বানির জন্মদিনের এই জমকালো অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

মন্তব্য করুন