প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে না খেললেও সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা খোলা রেখেছে বিসিবি। আজ প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, সাকিব যদি দীর্ঘমেয়াদে খেলার প্রস্তুতি নিয়ে ফিট থাকেন তাহলে তাকে বিবেচনা করা হবে। এতে করে দীর্ঘদিন ধরে ব্রাত্য থাকা সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
সাকিব ২০২৪ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন। এরপর থেকে রাজনৈতিক ও আইনি জটিলতায় তিনি দলের বাইরে রয়েছেন। একাধিক মামলা ঝুলছে তার নামে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফ্র্যাঞ্চাইজি লিগেও তার অংশগ্রহণ কমে গেছে। চলতি পাকিস্তান সুপার লিগে তিনি ডাক পাননি, আইপিএলের দরজা তো আগেই বন্ধ। বর্তমানে তিনি নিম্নমানের লিগ এবং মাইনর লিগে খেলে যাচ্ছেন।
হাবিবুল বাশার জানান, সাকিবের সঙ্গে তার একবার কথা হয়েছে। তিনি জিজ্ঞাসা করেছিলেন সাকিব প্রস্তুত কি না, কারণ বর্তমান অবস্থানে নিয়মিত ক্রিকেট বা ট্রেনিংয়ের সুযোগ সীমিত। ফিটনেস নিয়ে কাজ করতে হবে, তবে সাকিব ক্রিকেট খেলছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। আন্তর্জাতিক ক্রিকেটের দাবি অনেক বেশি, তাই দীর্ঘ সময় ধরে খেলার ইচ্ছা থাকলে তবেই তাকে দলে নেওয়া হবে বলে শর্ত দিয়েছেন হাবিবুল।
এই ইঙ্গিতে সাকিবের অপেক্ষা শেষ হওয়ার পথ প্রশস্ত হয়েছে। বিসিবি আগে পাকিস্তান সিরিজের আগেও জানিয়েছিল সাকিবের জন্য দরজা খোলা, কিন্তু তিনি খেলেননি। নিউজিল্যান্ড সিরিজেও একই পরিস্থিতি। এখন প্রধান নির্বাচকের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ফিটনেস ও মানসিক প্রস্তুতি থাকলে সাকিব আবার জাতীয় দলের অংশ হতে পারবেন।
মন্তব্য করুন