প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে কিছু প্রতিশ্রুতির বাস্তবায়নে সামান্য দেরি হতে পারে, তাই সবাইকে ধৈর্য্য রাখার আহ্বান জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে সরকার জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, “আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। এটি আমার জন্য ব্যক্তিগতভাবে আবেগের দিন, এবং বিএনপি ও বর্তমান সরকারের জন্যও ঐতিহাসিক।” তিনি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছেন এবং আজ তা কার্যকর হচ্ছে বলে উল্লেখ করেন।
দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “নারীদের যদি মূল্যায়ন না করা হয়, ক্ষমতায়ন না করা হয়, তবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে নারীদের সাবলম্বী ও অর্থনৈতিকভাবে স্বচ্ছল করে গড়ে তোলা হবে।”
তিনি আরও জানান, দেশের ১৪টি জেলার ৩৭ হাজার ৫৬৭ জনকে এই কার্ড প্রদান করা হচ্ছে। কড়াইল, ৭তলা ও ভাষানটেকের ১৫ হাজার নারীকে আজই ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারে নারী প্রধানদের প্রত্যেকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আগামী মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও প্রদান করা হবে।
মন্তব্য করুন