প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রাজধানীর পল্টনে ২০২৫ সালের ১২ ডিসেম্বর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। রোববার (৮ মার্চ) তাদের আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার আলমগীর হোসেন (৩৪)। তারা বনগাঁর সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। এসটিএফ সূত্র জানায়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরিফ হাদিকে হত্যার কথা স্বীকার করেছেন।”
এসটিএফ আরও জানিয়েছে, অভিযুক্তরা অবৈধভাবে মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করছিল। সর্বশেষ বনগাঁয়ে অবস্থানকালে তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল। তদন্তের স্বার্থে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, ওইদিন পল্টনে মোটরসাইকেল আরোহী হেলমেটধারী একদল দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি গুরুতর আহত হন এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান।
বাংলাদেশ সরকার ইতোমধ্যে জাতিসংঘের সহযোগিতা চেয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের উদ্যোগ নিয়েছে। কলকাতায় দুই প্রধান পরিকল্পনাকারীর গ্রেফতারের পর, এই হত্যা মামলার তদন্তে “বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।”
মন্তব্য করুন