তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৮ মে, ২০২৬, ০৭:২৮ পিএম

অনলাইন সংস্করণ

নোট-গাইডমুক্ত শিক্ষাব্যবস্থার পথে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

ভবিষ্যতের শিক্ষায় নোট-গাইডের আর কোনো জায়গা থাকবে না, এমন প্রত্যয়ের কথা জানালেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (৮ মে) দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সেখানেই শিক্ষা সংস্কারের এই রূপরেখা তুলে ধরেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, "বর্তমান শিক্ষাব্যবস্থা এমন দিকে এগোচ্ছে, যেখানে নোট-গাইডের প্রয়োজন থাকবে না। শিক্ষকরা যে নির্দেশনা দেন, 'এই নোট-গাইড পড়তে হবে', এ ধরনের প্রবণতা বন্ধ করতে হবে।"

তবে নোট-গাইড বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠসহায়ক বইয়ের সুযোগ থাকছে বলে জানান তিনি। তার মতে, শিক্ষকরা সহযোগী বইয়ের তালিকা দেবেন এবং শিক্ষার্থীরা সেগুলো কিনে পড়বে — এটাই হবে নতুন ধারা।

প্রকাশনা শিল্পের স্বীকৃতির প্রশ্নে মন্ত্রী ইতিবাচক মনোভাব দেখান। তিনি বলেন, ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে সরকারের কোনো আপত্তি নেই। একই সঙ্গে দেশে তুলনামূলক কম খরচে বই মুদ্রণ ও বিক্রির সুযোগের কথা উল্লেখ করে মুদ্রণশিল্পে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন তিনি।

প্রকাশকদের উদ্দেশে মন্ত্রীর আহ্বান ছিল সুস্পষ্ট, "আপনারা বইয়ের ব্যবসা করুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য।" পাশাপাশি মানসম্মত কাগজে বই ছাপানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি।

মন্তব্য করুন