প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভারতের গোয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের বিয়ে নিবন্ধন সম্পন্ন হয়।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি। স্থানীয় আইনে নির্ধারিত অপেক্ষাকাল থাকলেও বিশেষ অনুমতি নিয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করা হয়। বিয়ের সময় কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না; বরং সাদামাটা পোশাকে বিকেল চারটার দিকে কার্যালয়ে হাজির হন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।
২০১৮ সালে শুরু হওয়া অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্ক দীর্ঘদিন ধরে সহবাসের মধ্য দিয়ে এগিয়েছে। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে—২০১৯ সালে জন্ম নেয় প্রথম সন্তান এরিক এবং ২০২৩ সালে দ্বিতীয় সন্তান এরিভ। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর ২০২৫ সালে তাঁদের বাগ্দানের খবর প্রকাশ্যে আসে।
বিয়ের আগে বিভিন্ন সাক্ষাৎকারে অর্জুন রামপাল জানিয়েছিলেন, সম্পর্কের জন্য আইনি স্বীকৃতি খুব গুরুত্বপূর্ণ নয়। তাঁর মতে, সম্পর্কের মূল বিষয় হলো পারস্পরিক বোঝাপড়া ও সম্মান। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ককেই আইনি স্বীকৃতি দিলেন এই দম্পতি।
অর্জুনের ব্যক্তিজীবনে এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৮ সালে মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। প্রথম সংসারের দুই কন্যা সন্তানের সঙ্গে অর্জুনের সম্পর্ক এখনো ঘনিষ্ঠ রয়েছে।
মন্তব্য করুন