তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৪ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৯৩০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (২২ আগস্ট) প্রকাশিত তথ্যে জানানো হয়, মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৩১ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশে ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় ৬৫ জনের শরীরে নিশ্চিত হাম পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সুনামগঞ্জ জেলায় একজন করে শিশু মারা গেছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৭৩ জন। একই সময়ে সন্দেহভাজন মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

মন্তব্য করুন