প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ
নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাড়াহুড়া করে নয়—জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনায় অগ্রগতি হলে উপযুক্ত সময়েই বাংলাদেশ ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের সফরে যাবে। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার ভারতের সঙ্গে একটি ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে কোনো দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না।
ভারত সফরের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, আলোচনায় অগ্রগতি হলে এবং জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য থাকলে উপযুক্ত সময়ে সফর করা হবে। “আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। তারা আমাদের প্রতিবেশী, তাই কার্যকর সম্পর্ক থাকা জরুরি। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না,” যোগ করেন তিনি।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং কিছু ক্ষেত্রে ফলাফলও এসেছে। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতে অবস্থান করছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে, যা এই বিষয়টিকে নতুন কোনো ইস্যু নয় বরং চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করে। ভারতে অবস্থানরত অন্যান্য অভিযুক্তদের ফিরিয়ে আনার বিষয়টিও জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করেন তিনি।
ভারত সফরে কোনো তাড়াহুড়া নেই জানিয়ে তিনি বলেন, “জাতীয় স্বার্থে যদি দ্রুত ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে খুব শিগগিরই সফর হতে পারে। তবে এ ধরনের সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনা অপরিহার্য।”
তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে একটি ভিত্তি তৈরি করতে হয় এবং বাংলাদেশ সে প্রক্রিয়াতেই এগোচ্ছে। একই সঙ্গে ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন