বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:১৬ পিএম

অনলাইন সংস্করণ

চুমুর দৃশ্য করতে চার ঘণ্টা! মিথ্যা শনাক্তকারী যন্ত্রে সত্যটা বললেন অভিনেতা

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী ইমিনজুং ও অভিনেতা কিম জি সোক তাঁদের অভিনীত নাটকের চুমুর দৃশ্যের শুটিং নিয়ে কথা বলেছেন। ইমিনজুংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মিথ্যা শনাক্তকারী যন্ত্রের খেলায় অংশ নিয়ে তাঁরা এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা জানান। সেখানে কিম জি সোক বলেন, ওই চুমুর দৃশ্যের শুটিং করতে চার ঘণ্টা সময় লেগেছিল।

অনুষ্ঠানে কিম জি সোক ইমিনজুংকে প্রশ্ন করেন, তাঁর সঙ্গে চুমুর দৃশ্যের শুটিং করে বাড়ি ফেরার পর ইমিনজুংয়ের কোনো অপরাধবোধ হয়েছিল কি না। ইমিনজুং উত্তর দেন, ‘না’। খেলায় ব্যবহৃত মিথ্যা শনাক্তকারী যন্ত্রও তাঁর উত্তরে ‘সত্য’ দেখায়। বিষয়টি দেখে কিম জি সোক অবাক হয়ে বলেন, ‘সত্যিই?’ এরপর নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, তাঁর অপরাধবোধ হয়েছিল।

এরপর ওই দৃশ্যের শুটিং নিয়ে বিস্তারিত জানান কিম জি সোক। তিনি বলেন, অভিনয়জীবনে এর আগে এত দীর্ঘ ও তীব্র চুমুর দৃশ্যের শুটিং করেননি। শুধু চুমুর দৃশ্যটির শুটিংই চার ঘণ্টা হয়েছে বলে জানান তিনি।

কিম জি সোক আরও জানান, ওই সময় তাঁর মুখে দাড়ি ছিল। দীর্ঘ সময়ের শুটিংয়ের কারণে দাড়ির সঙ্গে ঘর্ষণে ইমিনজুংয়ের মুখ লাল হয়ে গিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে কাজের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়টি স্বামীকে জানান কি না—ইমিনজুংকে এ প্রশ্নও করা হয়। তিনি বলেন, প্রেমের সম্পর্কে থাকলে হয়তো এমন বিষয় জানানো সম্ভব; তবে বিয়ের পর সন্তান থাকায় প্রতিটি চুমুর দৃশ্যের শুটিংয়ের আগে স্বামীকে এভাবে জানানোর বিষয়টি তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়। এ সময় দুজনই হেসে ওঠেন।

ইমিনজুং ২০১৩ সালে অভিনেতা ই বিয়ং হুনকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান রয়েছে। বর্তমানে ‘ওকে! লেটস গেট ডিভোর্স’–এ নাটকে কিম জি সোকের সঙ্গে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি।

মন্তব্য করুন