তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২৭ পিএম

অনলাইন সংস্করণ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধের হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের আবেদন

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এ আবেদন করা হয়।

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। সোমবারই আবেদনের শুনানি হতে পারে বলে জানান তিনি।

এর আগে ১০ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

রায়ে আদালত বলেন, আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে এই অর্থ পরিশোধ করতে হবে। রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ প্রতিষ্ঠানটির কাছ থেকে ওই অর্থ আদায়ের সুযোগ পায় এনবিআর।

এর আগে ৪ অক্টোবর হাইকোর্ট ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।

পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করা হয়। এ দাবিকে চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটি ২০১৭ সালে পৃথক দুটি রিট করে।

প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরে গত ১০ সেপ্টেম্বর নতুন হাইকোর্ট বেঞ্চ ওই রুল খারিজ করেন এবং ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন।

এখন হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন