তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪২ পিএম

অনলাইন সংস্করণ

শিল্পকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর: এফবিসিসিআই প্রশাসক

কল-কারখানায় আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।

বৈঠক শেষে সাংবাদিকদের ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস-বিদ্যুৎ সংকটের আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

এফবিসিসিআই প্রশাসকের ভাষ্য, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব।’

ফজলুল হক বলেন, ব্যবসায়ীদের কাছে বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর হলো প্রধানমন্ত্রীর এই আশ্বাস।

এর আগে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও গ্যাস সরবরাহ কয়েক দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরার আশ্বাস দিয়েছিলেন।

তিনি জানিয়েছিলেন, সরকারের উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে আমদানির ব্যবস্থার ফলে আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরবে।

সোমবারের বৈঠকে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসংক্রান্ত সংকট নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন