তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৪:০৩ পিএম

অনলাইন সংস্করণ

গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জন গ্রেফতার, মোট ৭২

ঢাকার গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। এ নিয়ে ওই মিছিলের ঘটনায় মোট ৭২ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।

ডিএমপির বার্তায় গ্রেফতারদের মিছিলে অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করা হলেও তাদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।

এর আগে শনিবার পুলিশ জানিয়েছিল, মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ঘটনাস্থল থেকে আটক দুইজনও ছিলেন।

শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ মানুষের অংশগ্রহণে মিছিলটি অনুষ্ঠিত হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিল চলাকালে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটক করা হয়। একই ঘটনায় ওই দিন গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ১৬।

এদিকে মামলায় গ্রেফতার ২৪ জনকে শনিবার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নতুন করে আরও ৪০ জন গ্রেফতারের তথ্য দেওয়ার পর গুলশানের ওই মিছিলকে কেন্দ্র করে পুলিশের গ্রেফতার অভিযান আরও বিস্তৃত হয়েছে। তবে নতুন গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা তাদের নাম-পরিচয় পুলিশি বার্তায় জানানো হয়নি।

মন্তব্য করুন