তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

২২ ঘণ্টা পর ৫ জেলের নিথর দেহ উদ্ধার

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের লাশ উদ্ধার করে একটি ট্রলার বর্তমানে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে। নিহত পাঁচ জেলে হলেন— পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ১৩ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপরই আট জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপর পাঁচজন নিখোঁজ থাকেন। দুর্ঘটনায় উদ্ধার হওয়া ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড় ও তুফানের মধ্যে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় ও বিশাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি আচমকা উলটে যায়। দুর্ঘটনাকবলিত আট জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় প্রাণে বাঁচেন।

ঘটনার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়। তাদের টানা উদ্ধার অভিযানের পরই নিখোঁজ পাঁচজনের লাশ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, "পাঁচজন জেলেকে উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো আমি লাশগুলো দেখিনি। খবর পেয়ে বর্তমানে আমি বাদুরতলা এলাকায় অবস্থান করছি। লাশগুলো পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মন্তব্য করুন