আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:২২ এ এম

অনলাইন সংস্করণ

বাজার ঘুরে দাঁড়ানোর পরই অচলবস্থা:

৯২ ডলারের ঘরে থমকে আছে তেলের বাজার

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলারে স্থির রয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক ও তেল নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার পর সরবরাহে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) গ্রিনিচ মান সময় ১টা ৪ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯ সেন্ট বা ০.১ শতাংশ সামান্য কমে ব্যারেলপ্রতি ৯২.১৬ ডলারে কেনাবেচা হয়। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৫.০২ ডলারে পৌঁছেছে।

এর আগে টানা দুই সপ্তাহ আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধির পর সোমবার বিনিয়োগকারীরা ব্যাপক হারে মুনাফা তুলে নিলে অপরিশোধিত তেলের মূল্যে ২ শতাংশেরও বেশি পতন ঘটে। এতে ডব্লিউটিআই তেলের দর নেমে যায় গত এক সপ্তাহের সর্বনিম্ন সূচকে।

বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, নতুন মার্কিন নিষেধাজ্ঞার বাস্তবায়নে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে কী ধরণের ব্যাঘাত সৃষ্টি হতে পারে—বর্তমানে বিনিয়োগকারীরা সেদিকেই কড়া নজর রাখছেন।

প্রসঙ্গত, সোমবার (২৪ আগস্ট) ওয়াশিংটনে ইউএস ট্রেজারি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে দেশটির ওপর অভূতপূর্ব অর্থনৈতিক চাপ তৈরি করছে ওয়াশিংটন। তেল খাতসহ তেহরানের যাবতীয় বৈদেশিক আয়ের উৎস বন্ধ করা এবং বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ইরানের সঙ্গে ব্যবসা পরিচালনা থেকে বিরত রাখাই এই নতুন নিষেধাজ্ঞার প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন