মো: রিফাত হোসাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০২ পিএম

অনলাইন সংস্করণ

‘জনগণের দাবিতেই তেলের দাম বেড়েছে’: রিজভী

ছবি: সংগৃহীত

জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালকের গুম হওয়ার ঘটনার এক যুগ পূর্তিতে তাদের সন্ধানের দাবিতে এই সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, দেশে জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহ পরিস্থিতির কথা বিবেচনা করে জনগণের পক্ষ থেকে যে দাবি এসেছে, সরকার তাকে সম্মান জানিয়েই মূল্য সমন্বয় করেছে। একইসাথে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জ্বালানি তেল ও গ্যাসের এই সংকটকে পুঁজি করে কেউ যেন অবৈধ সিন্ডিকেট গড়ে তুলতে না পারে, তা নিশ্চিত করতে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বর্তমান সরকার জনস্বার্থ রক্ষায় যেকোনো অশুভ চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

নিখোঁজ ইলিয়াস আলীসহ গুম হওয়া অন্যান্য নেতাদের প্রসঙ্গে রিজভী প্রশ্ন তোলেন, গুমের সাথে জড়িত অনেক অপরাধী এখনো দেশে থাকা সত্ত্বেও কেন তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তিনি দাবি করেন, গুমের ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে নিখোঁজ নেতাদের প্রকৃত হদিস পাওয়া সম্ভব। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটাতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

গুমবিরোধী অধ্যাদেশ ও আইনি কাঠামো নিয়ে রিজভী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা পূর্বতন অধ্যাদেশে অনেক ফাঁকফোকর ও আইনি সীমাবদ্ধতা ছিল। সেই কারণেই মূলত ওই অধ্যাদেশ বাতিল করে আরও শক্তিশালী ও সময়োপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তিনি প্রতিশ্রুতি দেন যে, নতুন যে আইনটি করা হবে তা হবে সম্পূর্ণভাবে মানবতার পক্ষে এবং তা ভবিষ্যতে গুমের মতো নিষ্ঠুর প্রথা চিরতরে বন্ধ করতে সহায়ক হবে। সরকার এই বিষয়ে একটি স্বচ্ছ ও ন্যায়বিচারমূলক অবস্থান নিতে বদ্ধপরিকর বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

মন্তব্য করুন