প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। পদত্যাগের ঘোষণায় তিনি জানান, তাঁকে টার্গেট করা হয়েছিল এবং দলকে বিব্রত করতে চান না বলেই তিনি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এ সময় ইশরাক বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।’
ইশরাক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’
গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, ‘দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দলও বিব্রত হয়েছে।’
এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন প্রতিমন্ত্রী ইশরাক। এরপর রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে পাঠান এবং পদত্যাগের নির্দেশ দেন বলে খবর প্রকাশিত হয়েছিল।
মন্তব্য করুন