প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর জানিয়েছেন, অভিনয়জীবনের শুরুর দিকে তাঁকে কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার পাশাপাশি সাবেক প্রেমিকের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথাও প্রকাশ করেছেন তিনি।
সাক্ষাৎকারে নীতি জানান, তখন তিনি দক্ষিণী সিনেমায় কাজ করছিলেন এবং মাত্র দুটি ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর প্রথম ছবির পরিচালক পরে তাঁকে আরেকটি ছবিতে কাজের প্রস্তাব দেন। কিন্তু ফোনে ওই পরিচালক তাঁকে জানান, নতুন ছবিতে চরিত্রটি পেতে হলে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।
অভিনেত্রী বলেন, ‘আমি এতটাই অবাক খেয়েছিলাম যে বুঝতে পারিনি কীভাবে প্রতিক্রিয়া জানাব। আমি কেবল ফোন কেটে দিয়ে তার নম্বর ব্লক করে দেই এবং কী ঘটেছে তা বলার জন্য মাকে ফোন করি। তিনি বয়স্ক মানুষ ছিলেন, এবং এর আগে আমি তাকে অন্য নারীদের সঙ্গেও দেখেছি। আমি কখনওই ভাবিনি যে তিনি আমার কাছে এমন একটি দাবি করে বসবেন।’
নীতি আরও জানান, জীবনের একপর্যায়ে তিনি একটি বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ওই সম্পর্কে তাঁকে মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক নির্যাতনও সহ্য করতে হয়। তাঁর দাবি, সাবেক প্রেমিক সিগারেট দিয়ে তাঁর শরীর পুড়িয়ে দিয়েছিলেন এবং তাঁকে চড়ও মেরেছিলেন।
সেই দুঃসহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার সাবেক প্রেমিক একবার সিগারেট দিয়ে আমাকে পুড়িয়ে দিয়েছিল। ও অত্যন্ত হিংস্র ছিল। এক রাতে, ওর জন্মদিনে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর আমাকে চড় মারে। তখনই আমি সিদ্ধান্ত নেই, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব।’
মন্তব্য করুন