প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক প্রেমিকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ভারতের হিন্দি টেলিভিশনের অভিনেত্রী নীতি টেলর। তাঁর দাবি, সাবেক প্রেমিক প্রায়ই তাঁকে চড়-থাপ্পড় মারতেন, এমনকি সিগারেটের ছ্যাঁকাও দিতেন। সেই নির্যাতনের ক্ষত এখনও শরীরে রয়ে গিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
নীতি জানান, সাবেক প্রেমিক প্রায়ই তাঁর পোশাক নিয়ে প্রশ্ন তুলতেন। তিনি কার সঙ্গে মিশছেন, কোথায় যাচ্ছেন—এসব বিষয়েও নজরদারি করতেন। তখন বয়স কম থাকায় প্রেমিকের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া এবং নিজের কাজের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন তিনি।
এক সাক্ষাৎকারে নির্যাতনের একটি ঘটনার বর্ণনা দিয়েছেন নীতি। তিনি জানান, একবার সাবেক প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু সেখানকার পরিবেশ ভালো না লাগায় বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। চলে যাওয়ার আগে প্রেমিককে বিদায় জানাতে গিয়েছিলেন তিনি।
নীতি বলেন, ‘আমার বন্ধুরা জানিয়েছিল, তারা গাড়িতে অপেক্ষা করছে। আমি যাওয়ার আগে ওকে বলতে যাই।’
অভিনেত্রীর অভিযোগ, বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার অনুমতি দেননি তাঁর সাবেক প্রেমিক। বন্ধুরা তাঁকে বাড়ি পৌঁছে দেবেন বলার পরেও তিনি রাজি হননি। পরে বাড়ির বাইরে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। নীতির দাবি, সেখানে তাঁর হাত ধরে টানাটানি করেন সাবেক প্রেমিক, ধাক্কা দেন এবং চড় মারেন।
নীতি আরও জানান, ঘটনাটি সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। বন্ধুরা তাঁকে সাহায্য করতে উপরে চলে এলে সাবেক প্রেমিক তাঁকে ধাক্কা দিতে থাকেন এবং কখনও হাত ধরে টানতে থাকেন। বন্ধুরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
অভিনেত্রীর দাবি, সেখানকার এক নিরাপত্তারক্ষী তাঁর বন্ধুদের জানিয়েছিলেন, এ ধরনের ঘটনা আগেও নিয়মিত ঘটেছে।
তবে পার্টি ছেড়ে চলে আসার পরেও পরিস্থিতি শান্ত হয়নি বলে জানান নীতি। নিজের বাসায় ফেরার পরও সাবেক প্রেমিক চিৎকার করতে থাকেন। বন্ধুদের সঙ্গে কেন চলে এসেছেন, তা নিয়েই আপত্তি জানাচ্ছিলেন তিনি।
নীতির কথায়, সেই সময় তাঁর সাবেক প্রেমিকের হাতে সিগারেট ছিল। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিনেত্রীর অভিযোগ, সাবেক প্রেমিক তাঁর শরীরে সিগারেটের ছ্যাঁকা দেন। সেই ক্ষত থেকে তৈরি হওয়া দাগ এখনও রয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন