বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:২৬ পিএম

অনলাইন সংস্করণ

নিজের বদলে যাওয়া ভাবনা নিয়ে যা বললেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা

একসময় অভিনেতাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয়ে আপত্তি জানিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা। কোনো অভিনেতাকে প্রেমিক হিসেবে বেছে নিতে চান না বলেও জানিয়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে তাঁর সেই ধারণা। শেষ পর্যন্ত অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করে আক্কিনেনি পরিবারের সদস্য হয়েছেন শোভিতা। সম্প্রতি নিজের পুরোনো মন্তব্য নিয়ে অকপটে কথা বলেছেন অভিনেত্রী।

শোভিতার মতে, জীবনের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে মানুষের মতামত ও দৃষ্টিভঙ্গিও বদলায়। আর নিজের এই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই গ্রহণ করতে শিখেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো বক্তব্য ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী।

শোভিতা জানান, একসময় তিনি কোনো অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চাইতেন না। কিন্তু নাগা চৈতন্যকে বিয়ে করার পর তাঁর সেই পুরোনো বক্তব্য নতুন করে আলোচনায় আসে। অভিনেত্রীর মতে, তখন তাঁর ভাবনার পেছনে কিছু প্রচলিত ধারণা বা গৎবাঁধা চিন্তা কাজ করেছিল।

শোভিতা ধূলিপালা বলেন, “আমরা তো সময়ের সঙ্গে বদলাই, তাই না? আমার মনে হয়, সেই সময় আমি বিষয়টিকে একটি নির্দিষ্ট ধারণার মধ্য দিয়ে দেখছিলাম। হয়তো আশপাশে যা দেখেছিলাম, তার থেকেই এমন ধারণা তৈরি হয়েছিল।”

তিনি আরও মনে করেন, মানুষের ধারণা সব সময় একই রকম থাকবে, এমন কোনো কথা নেই। বরং নিজের মতামত পরিবর্তনের সুযোগ থাকা উচিত। জীবনের বিভিন্ন পর্যায়ে ভিন্ন মত পোষণ করতেও তিনি স্বচ্ছন্দ।

অভিনেত্রীর মতে, পরিস্থিতি ও ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে নিজের দৃষ্টিভঙ্গি বদলানো অস্বাভাবিক কিছু নয়। তাই অতীতের মতামতের সঙ্গে বর্তমানের ভাবনা না মিললেও তা নিয়ে তাঁর কোনো অস্বস্তি নেই।

 

মন্তব্য করুন